ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৭৩৩
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এ বছরের একদিনে সর্বোচ্চ হাসপাতালে ভর্তির রেকর্ড।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ৪ জন, চট্টগ্রাম বিভাগের ৩ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন রয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ জনে। এর মধ্যে কেবল সেপ্টেম্বর মাসেই প্রাণ হারিয়েছেন ৫৯ জন, যা চলতি বছরের যেকোনো মাসের তুলনায় সর্বোচ্চ।
রোববার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৭০ জন এবং দক্ষিণ সিটিতে ১৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য স্থানে ৩৮৮ জন ভর্তি হন। গত ২৪ ঘণ্টায় খুলনায় ৩০২ জন, বরিশালে ও চট্টগ্রামে ১৯১ জন করে, রাজশাহীতে ১৪৫ জন, ময়মনসিংহে ১১০ জন, রংপুরে ৮৬ জন এবং সিলেটে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ৫৩ হাজার ৫৭০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ হাজার ৩৭৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ২০০০ সাল থেকে রাখা তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিল এবং রেকর্ড ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল। অপরদিকে, গত বছর (২০২৫ সালে) ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু এবং প্রায় ১ লাখ ২ হাজার রোগী শনাক্ত হয়েছিল।
Comments