সাগর-রুনি হত্যা: বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচার ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দিয়েছে সাগর সরওয়ারের পরিবার।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে লিখিত অভিযোগটি জমা দেন হত্যা মামলার বাদী নওশের রোমান।
অভিযোগে বলা হয়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি গভীর রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় হত্যার শিকার হন মাছরাঙা টেলিভিশনের তৎকালীন বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। রাত ২টা থেকে সকাল ৭টার মধ্যবর্তী সময়ে এই হত্যাকাণ্ড ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, হত্যাকাণ্ডের পর প্রায় ১৪ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এর কোনো কার্যকর সুরাহা হয়নি। শুরুতে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ তদন্তের দায়িত্বে থাকলেও পরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) তদন্তভার দেওয়া হয়। তাতেও অগ্রগতি না হওয়ায় হাইকোর্টের নির্দেশে মামলাটির তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়।
তবে পিবিআই তদন্তের দায়িত্ব নেওয়ার পরও মামলাটির দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগে দাবি করা হয়েছে। দীর্ঘ সময় ধরে তদন্ত চললেও হত্যার প্রকৃত রহস্য উদঘাটন কিংবা জড়িতদের বিচারের মুখোমুখি করা সম্ভব হয়নি বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
এ অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে হত্যাকাণ্ডটির নিরপেক্ষ ও কার্যকর তদন্তের দাবি জানিয়েছে পরিবার। একই সঙ্গে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
অভিযোগটি রেজিস্টারভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ট্রাইব্যুনালের কাছে অনুরোধ জানিয়েছে সাগর সরওয়ারের পরিবার।
Comments