আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা সরকারি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালতের ভাষায়, রিটটি 'উত্থাপিত হয়নি' মর্মে খারিজ করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের শুনানিতে আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে পরিচিত নূরনবী বুলবুল দাবি করেন, রিটকারী মো. আল আমিন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট নন। ফলে এ ধরনের আবেদন করার আইনগত অধিকার তার নেই। রিটের পক্ষে আইনজীবী ইউনূস আলীও শুনানিতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।
এর আগে ৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের বাসিন্দা মো. আল আমিন হাইকোর্টে রিটটি করেন। এতে তার পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট ইউনূস আলী।
রিটে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারির আবেদন করা হয়। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিতেরও আবেদন জানানো হয়েছিল।
২০২৫ সালের ১২ মে জারি করা ওই প্রজ্ঞাপনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন প্রচারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।
Comments