পোস্টাল ভোট দিতে ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধনের আহ্বান ইসির
ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে বিদেশে অবস্থানরত ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আগের নির্বাচনে নিবন্ধিত ভোটারদের পাশাপাশি নতুন ভোটারদেরও 'Postal Vote BD' অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।
ইসি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যারা 'Postal Vote BD' অ্যাপে সফলভাবে নিবন্ধন করেছিলেন, তাদের ই-মেইল, হোয়াটসঅ্যাপ অথবা অ্যাপের নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে। এসব ভোটারকে ১২ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোট দেওয়ার সম্মতি নিশ্চিত করতে হবে।
সম্মতি দেওয়ার পর সংশ্লিষ্ট ভোটারের বিদেশে থাকা বর্তমান ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠানো হবে।
এদিকে, আগের নির্বাচনে 'Postal Vote BD' অ্যাপে নিবন্ধন করতে না পারা প্রবাসী ভোটারদের জন্যও নতুন করে নিবন্ধনের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। তারা ১২ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাপটি ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
নিবন্ধন প্রক্রিয়া শেষ করার পর নির্ধারিত নিয়মে পোস্টাল ব্যালটের মাধ্যমে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন তারা।
প্রবাসে থাকা ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা এবং প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে ভোট গ্রহণের প্রক্রিয়া সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি। নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য প্রবাসী ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
Comments