যত প্রভাবশালীই হোক না কেন, দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্নীতিবাজ যতই প্রভাবশালী হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।
সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া এবং সচিব মো. সাইদুর রহমান খান।
দুদক চেয়ারম্যান কমিশনের চলমান কার্যক্রম, বিভিন্ন উদ্যোগ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং কার্যক্রম আরও গতিশীল করতে সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অপশাসন, অনিয়ম ও জবাবদিহির অভাবেই দুর্নীতি আজ দেশের অন্যতম প্রধান সমস্যায় পরিণত হয়েছে। জাতির অগ্রগতি ও উজ্জ্বল ভবিষ্যৎ অনেকাংশেই দুর্নীতি দমনের ওপর নির্ভর করছে।
দুদককে সম্পূর্ণ সততা ও সাহসিকতার সঙ্গে কাজ করার তাগিদ দিয়ে রাষ্ট্রপতি দীর্ঘদিনের বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি এবং আইনি দীর্ঘসূত্রিতা কমানোর নির্দেশ দেন। পাশাপাশি গুরুতর ও বৃহৎ দুর্নীতির ক্ষেত্রে দ্রুত অনুসন্ধান ও কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেওয়া হয়।
দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তুলতে জনসচেতনতামূলক প্রচারণামূলক কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দেন রাষ্ট্রপতি। একই সঙ্গে সাংবিধানিক ও আইনগত দায়িত্ব পালনে কমিশনকে সার্বিক সহায়তার আশ্বাস দেন তিনি।
Comments