বিলুপ্ত হলো র্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে 'স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন' (এসআরবি) নামের নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে 'স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬' জাতীয় সংসদে পাস হয়েছে। বিরোধী দলের তীব্র আপত্তি ও বিরোধিতা সত্ত্বেও বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কণ্ঠভোটে বিলটি পাস হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গত ৩ সেপ্টেম্বর বিলটি সংসদে উত্থাপনের পর যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) কমিটির প্রতিবেদন সংসদে উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বিলটির ওপর ৭টি সুনির্দিষ্ট আপত্তি জানিয়ে বিরোধী দলের সদস্যরা বলেন, নতুন বাহিনী গঠনের আগে যথাযথ জাতীয় পরামর্শ এবং শক্তিশালী জবাবদিহির ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
বিরোধী দলের আশঙ্কা, স্বাধীন নজরদারি ও জবাবদিহির ব্যবস্থা না থাকলে নতুন এই এসআরবি বাহিনী কেবল র্যাবেরই একটি রূপান্তর বা নতুন রূপ হিসেবে থেকে যাবে। তাই সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে বিস্তৃত পরামর্শের দাবি জানানো হয়।
বৃহস্পতিবার কমিটির সুপারিশসহ বিলটি উত্থাপনের পর বিরোধীদলীয় নেতা এর তীব্র বিরোধিতা করে জানান, র্যাব বিলুপ্ত করে একই আদলে নতুন বাহিনী গঠন দেশবাসীর ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
Comments