ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়, হাইকোর্টের রিট খারিজ
ছবি ছাড়া কেবল বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ছবি দিয়েই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নিতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ওমর শরীফ ও আইনজীবী ইলিয়াছ আলী মণ্ডল। অন্যদিকে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।
ইসলামী শরিয়ত অনুযায়ী নিয়মিত পর্দা করেন—এমন যুক্তি দেখিয়ে রাজধানীর শাহজাহানপুর এলাকার বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা ২০২২ সালে এই রিটটি দায়ের করেন। রিটকারীর পক্ষে তার স্বামী মুহম্মদ আরিফুর রহমানকে ক্ষমতা অর্পণ করা হয়।
আবেদনে বলা হয়েছিল, পর্দানশীন মুসলিম নারী হিসেবে তিনি ইসলামি শরিয়তের বিধান মেনে যেকোনো ধরনের ছবি তোলা থেকে বিরত থাকেন। ছবি না থাকায় তার কোনো জাতীয় পরিচয়পত্র ছিল না এবং এর কারণে তিনি নানা নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। ছবি ছাড়া বিকল্প ব্যবস্থায় বায়োমেট্রিক ফিচারের মাধ্যমে এনআইডি পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও সুরাহা না পেয়ে তিনি হাইকোর্টে রিট করেন।
ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২২ সালের ৬ মার্চ হাইকোর্ট রুল জারি করেছিলেন। রুলে ছবি ছাড়া বিকল্প উপায়ে বা বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে এনআইডি তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছিল। দীর্ঘ শুনানি শেষে আজ বুধবার সেই রুল খারিজ করে রায় দিলেন উচ্চ আদালত।
Comments