শেখ হাসিনাকে আসতে হবে না, আমরা ধরে নিয়ে আসতে চাই: ডা. জাহেদ উর রহমান
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার হুশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পলাতক ও দণ্ডপ্রাপ্ত এই আসামিকে সরকার ভারত থেকে ধরে আনতে চায়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের সদিচ্ছা নিয়ে কিছু মহলের ধারণার জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, "সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় না—এমন ধারণা করা হয় কেবল ভারতের ওপর চাপ তৈরির জন্য। তবে আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে যখন এটাকে শর্ত হিসেবে জুড়ে দেওয়া হয়েছে, তখন আমরা এটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। আমরা প্রায়ই বলি—শেখ হাসিনা, আপনার আসার দরকার নেই, আমরা আপনাকে ধরে আনতে চাই।"
তথ্য উপদেষ্টা উল্লেখ করেন, শেখ হাসিনা এখন একজন পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে, তাঁর আপিল করার বা বিচার পুনর্বিবেচনার আর কোনো আইনি সুযোগ বা সময় অবশিষ্ট নেই। আইনি প্রক্রিয়ার দিক থেকে তাঁর জন্য এখন কেবল মৃত্যুদণ্ডই অপেক্ষা করছে।
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হেনস্তা ও হামলার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শুধু বাঁধন নন, বাংলাদেশ থেকে যে কেউ সেখানে গেলে এমন হামলার শিকার হতে পারেন। এমন পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় মিডিয়ায় কথা বলতে দেখা অত্যন্ত বিরক্তিকর এবং তা বাংলাদেশিদের ক্ষুব্ধ করে, যা ভারত সরকারের উপলব্ধি করা উচিত।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের প্রতি প্রশ্ন রাখার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, এ ধরনের ঘটনা কোনো পজিটিভ জেস্টার বা ইতিবাচক সঙ্কেত হতে পারে না। দুদেশের মধ্যে বিশ্বাসের পরিবেশ তৈরি করতে হলে এই বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। অতীতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিবাদলিপিতেও আস্থার পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছিল বলে জানান তিনি।
Comments