‘আয়-রোজগার’ নিয়ে উচ্চবাচ্য, এজলাস ছাড়লেন বিচারপতি
আজ সুপ্রিম কোর্টের ১ নম্বর এজলাসে যা ঘটল, তা দেশের সর্বোচ্চ আদালতের জন্য চরম বিব্রতকর ও লজ্জাজনক ঘটনা। দুপুরে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগে একটি মামলার শুনানি চলছিল। ঠিক তখনই ঘটে নজিরবিহীন কাণ্ড।
শুনানির একপর্যায়ে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দাঁড়িয়ে প্রধান বিচারপতিকে উদ্দেশ করে বলেন, তিনি প্রধান বিচারপতি হওয়ার পর নাকি আইনজীবীদের "আয়-রোজগার কমে গেছে"।
দেশের সর্বোচ্চ আদালতের এজলাসে এমন মন্তব্যে ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি। তিনিও সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন করেন। এরপর শুরু হয় দুজনের পাল্টাপাল্টি কথা ও উচ্চবাচ্য। একপর্যায়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আদালতের স্বাভাবিক পরিবেশই নষ্ট হয়ে যায়।
শেষ পর্যন্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পুরো আপিল বিভাগ একযোগে এজলাস ছেড়ে চলে যান। প্রকাশিত খবর অনুযায়ী, এরপর এখন পর্যন্ত তারা আর বিচারকাজে বসেননি।
Comments