ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩৩
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৩ জন।
সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ১২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এ ছাড়া জানুয়ারি মাসে দুই, ফেব্রুয়ারি মাসে দুই, মে মাসে এক, জুন মাসে ১৩ এবং জুলাই মাসে ৩৬ জনের মৃত্যু হয়েছিল। আর চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সাত দিনেই প্রাণ হারিয়েছেন ২৪ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪৩ জন এবং ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৫ জন।
এ ছাড়া অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৫৩, চট্টগ্রামে ১৯৮, খুলনায় ২৩৫, রাজশাহীতে ৯৯, রংপুরে ৩৬ ও সিলেটে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৩ হাজার ৮২৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৬১০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৯২ জন রোগী।
Comments