প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও অপপ্রচারের অভিযোগে গাজীপুরে যুবক গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে গাজীপুর থেকে সিফাত আব্দুল্লাহ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে গাজীপুরের গাছা এলাকায় অভিযান চালিয়ে সিফাতকে আটক করে পুলিশ। পরে রাতে তাকে গাছা থানায় নিয়ে যাওয়া হয়। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী নিজেই বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য ও লেখালেখি করে আসছিলেন। সম্প্রতি বিদ্যুৎ বিল সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে তিনি প্রধানমন্ত্রীকে অশালীন ভাষায় কটূক্তি করেন। বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নজরে এলে তারা পুলিশকে অবহিত করেন।
গাছা থানার ওসি গোলাম রাব্বানী জানান, সিফাতের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার এবং নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সঙ্গে যোগসূত্র থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
বিদ্যুৎ বিল নিয়ে তার কোনো ব্যক্তিগত জটিলতা ছিল কি না, তা এখনো যাচাই করা হয়নি। এছাড়া আটকের পর রাতে থানায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিছু নেতার উপস্থিতি নিয়ে আলোচনা উঠলেও সিফাতের সঙ্গে এনসিপির কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে স্পষ্ট করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্য, রাজনৈতিক যোগাযোগ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ খতিয়ে দেখতে বর্তমানে মামলার তদন্ত চলছে।
Comments