দুষ্টের দমনে কঠোর এবং শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, পুলিশকে দুষ্টের দমনে কঠোর এবং শিষ্টের পালনে ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ করতে হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ নির্দেশনা দেন।
সাক্ষাৎকালে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় সাইবার অপরাধ, অপতথ্য, গুজব, ছিনতাই, চাঁদাবাজি এবং মাদকের বিস্তার রোধে পুলিশকে আরও কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি। পাশাপাশি নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে নিয়মিত পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।
রাষ্ট্রপতি স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, বিচারবহির্ভূত হত্যা, সাধারণ মানুষকে হয়রানি এবং মিথ্যা মামলা দেওয়ার অপসংস্কৃতি বন্ধে কার্যকর ব্যবস্থা অব্যাহত রাখতে হবে। জনগণের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে আইজিপি পুলিশ বাহিনীর আধুনিকায়ন, ডিজিটালাইজেশন এবং বাহিনীর সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় দায়িত্ব পালনে পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি।
Comments