আইডিআরএর বিশেষ উদ্যোগ: ৭ কোম্পানির ১৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ
বীমা খাতের প্রতি গ্রাহকদের হারানো আস্থা ফিরিয়ে আনা এবং দ্রুত পলিসিধারীদের দাবি নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আইডিআরএ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ৭টি জীবন বীমা কোম্পানির পলিসিধারীদের মধ্যে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।
আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের হাতে এসব চেক তুলে দেন।
আইডিআরএর দেওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে মোট ৯৪টি চেকের মাধ্যমে ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সার বীমা দাবি সফলভাবে পরিশোধ করা হয়েছে।
অনুষ্ঠানে আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, "পলিসিধারীদের ন্যায্য দাবি সময়মতো পরিশোধ নিশ্চিত করা আইডিআরএর অন্যতম প্রধান অগ্রাধিকার। বীমা খাতে জনগণের আস্থা পুনর্গঠনে দাবি নিষ্পত্তির গতি ও স্বচ্ছতা আরও বাড়াতে হবে। পলিসিধারীর স্বার্থ সুরক্ষায় আইডিআরএ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।"
আইডিআরএর মধ্যস্থতা ও উদ্যোগে বিভিন্ন জীবন বীমা কোম্পানি যেসব গ্রাহকদের দাবি পরিশোধ করেছে, তার বিবরণ নিচে তুলে ধরা হলো:
-
বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৮ জন গ্রাহককে ৪ লাখ ৫১ হাজার ৮২৬ টাকা।
-
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৫২৮ জন গ্রাহককে ৫ কোটি ৪২ লাখ ৮৫ হাজার ৩৬৯ টাকা।
-
গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৪ জন গ্রাহককে ২ লাখ ৫১ হাজার ৪৭৬ টাকা।
-
হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ১৫ জন গ্রাহককে ১০ লাখ ৬৬ হাজার ১৯১ টাকা।
-
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৬২৪ জন গ্রাহককে ১ কোটি ৯৪ লাখ ৯৪ হাজার ৮৫৩ টাকা।
-
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ১ হাজার ৩৫০ জন গ্রাহককে ৬ কোটি ৯০ লাখ ৩২ হাজার ১৬৫ টাকা ৫৮ পয়সা।
-
সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ২০ জন গ্রাহককে ৫ লাখ ২১ হাজার ২৬৬ টাকা।
নিয়মিতভাবে পলিসিধারীদের বীমা দাবি পরিশোধের মাধ্যমে গ্রাহকের আর্থিক অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি সামগ্রিকভাবে বীমা খাতের প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।
Comments