দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ ও ভারতের দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় ও শিডিউল মিলে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এছাড়া গত ২৯ আগস্ট নয়াদিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সেমিনার করার অনুমতি না দেওয়াকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছে ঢাকা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব বা এফসিসিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। তবে দিল্লি পুলিশের বাধায় শেষ পর্যন্ত সেই সেমিনার বাতিল করতে বাধ্য হন আয়োজকরা। এদিকে এর আগে গত আগস্ট মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে নানা জল্পনা-কল্পনা ছড়ালেও শেষ পর্যন্ত তা হয়নি। তবে এবার ঢাকার পক্ষ থেকে সফরের বিষয়ে আগের চেয়ে অনেক বেশি ইতিবাচক মনোভাব প্রকাশ পেল।
অন্যদিকে, নতুন চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ। গত রোববার রাতে দক্ষিণ ও মধ্য এশিয়া–বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর তাঁর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান।
যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং কেনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট করে বলেন, কোনো ধরনের বাহ্যিক চাপে নয়, বরং দেশের সুনির্দিষ্ট ও বাস্তব প্রয়োজনের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশকে এই অঞ্চলের অন্যতম প্রধান এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
Comments