দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।
হালনাগাদকৃত এই তালিকায় মোট ভোটারদের লিঙ্গভিত্তিক বিন্যাস নিচে তুলে ধরা হলো। পুরুষ ভোটার: ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন। নারী ভোটার: ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার: ১ হাজার ২৬৭ জন।
এই নতুন ভোটার তালিকা নিয়েই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
গত ১৪ মে প্রকাশিত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। স্থানীয় নির্বাচনকে সামনে রেখে গত ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার তালিকাভুক্তির কার্যক্রম চলে। এতে নতুন ভোটার যুক্ত হয়েছেন ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন।
গত ৯ আগস্ট খসড়া তালিকা প্রকাশের পর বিভিন্ন দাবি-আপত্তি নিষ্পত্তি করে আজ এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, যাঁদের নাম ৩১ জুলাই পর্যন্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তাঁরাই সামনের স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পাবেন। তবে এখন পর্যন্ত নির্বাচনের কোনো সুনির্দিষ্ট তারিখ বা সময়সূচি ঘোষণা করা হয়নি।
Comments