চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
সীমান্ত রক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাজের ভূয়সী প্রশংসা করেছেন রাষ্ট্রপতি। একই সঙ্গে সীমান্ত হত্যা, চোরাচালান, মাদকপাচার ও পুশ-ইন সম্পূর্ণভাবে বন্ধ করতে বিজিবিকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বর্তমান পরিস্থিতি ও বাহিনীর কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন। এ সময় বিজিবি প্রধান রাষ্ট্রপতিকে তার নতুন দায়িত্বভার গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানান।
সীমান্তে নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বহুগুণ বাড়াতে বিজিবিতে অত্যাধুনিক ড্রোনসহ নানা আধুনিক প্রযুক্তি সন্নিবেশের উদ্যোগের কথা রাষ্ট্রপতিকে জানান বিজিবি মহাপরিচালক।
সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার রোধে বিজিবির 'অতন্দ্র প্রহরী' ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। পাশাপাশি বাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সীমান্তে অযাচিত প্রাণহানি (সীমান্ত হত্যা) রোধ এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পাচার ঠেকাতে বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও কঠোরতা প্রদর্শনের তাগিদ দেওয়া হয়।
Comments