‘জাতিসংঘ সভাপতির পদ কোনো দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পাওয়া বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অর্জন হলেও এই পদ কোনো একটি দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে ঢাকার সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম চলছিল।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করতে হয় সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী এই পদে থাকা ব্যক্তিকে কোনো নির্দিষ্ট দেশ বা পক্ষের স্বার্থের পরিবর্তে পুরো বিশ্বসভার জন্য কাজ করতে হয়।
তিনি আরও বলেন, সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব বাংলাদেশের জন্য নিঃসন্দেহে মর্যাদার বিষয়। তবে দায়িত্ব পাওয়ার পর সেই পদকে কোনো একক দেশের সুবিধা বা স্বার্থে ব্যবহার করা সম্ভব নয়। সভাপতিকে সব সদস্য রাষ্ট্রের প্রতি সমান ও নিরপেক্ষ আচরণ নিশ্চিত করতে হয়।
এ সময় সংসদে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক ক্ষতিপূরণ আদায় এবং বৈদেশিক সহায়তা বাড়াতে সরকারের নেওয়া কূটনৈতিক উদ্যোগের বিষয়েও নিজেদের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থায়ন বাড়ানোর বিষয়টি বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অংশ।
Comments