সংসদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করলেন স্পিকার
জাতীয় সংসদের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। সংসদে একে অপরের বক্তব্য দেওয়ার সুযোগে বাধা দেওয়ার যে প্রবণতা দেখা গেছে, তা গণতান্ত্রিক চর্চার জন্য ভালো লক্ষণ নয় বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার সময় এসব কথা বলেন স্পিকার।
তিনি বলেন, অনেক ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখার দায়িত্ব প্রত্যেক সংসদ সদস্যের। সংসদের কার্যপ্রণালির নিয়ম-কানুন মেনে চলার জন্যও তিনি এমপিদের প্রতি আহ্বান জানান।
স্পিকার বলেন, তিনি যখন বক্তব্য দেন, তখন সংসদ সদস্যদের বসে তা শুনতে হয়। এসব নিয়ম মানা না হলে সংসদের কার্যক্রম দীর্ঘদিন সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে না।
এর আগে কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি সম্পূরক প্রশ্ন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেন, সেটি প্রশ্ন নাকি রাজনৈতিক বক্তব্য—তিনি বুঝতে পারেননি।
স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যকে কেন্দ্র করে সংসদে উত্তেজনা ও হট্টগোল শুরু হয়। একপর্যায়ে তিনি বলেন, যদি কথা বলার সুযোগই না দেওয়া হয়, তাহলে বাকস্বাধীনতার অর্থ কী।
এরপর বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ওই অংশ সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, শুরু থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ মন্তব্য করে আসছেন। এমন আচরণের জন্য তাকে দুঃখ প্রকাশ করার আহ্বান জানান তিনি।
পরে পরিস্থিতি শান্ত করতে স্পিকার বলেন, সংসদ সদস্যদের কথা বলার পূর্ণ স্বাধীনতা রয়েছে। তবে একজন সদস্য কথা বলার সময় অন্যদেরও তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে হবে।
তিনি বলেন, সংসদ হচ্ছে যুক্তি ও আলোচনার জায়গা। এখানে একজনের বক্তব্যের জবাব অন্যজন যুক্তির মাধ্যমে দিতে পারেন। কিন্তু শোরগোল করে কারও বক্তব্য থামিয়ে দেওয়া উচিত নয়।
স্পিকার আরও বলেন, তিনি নিজের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে সংসদ পরিচালনার চেষ্টা করছেন। গত প্রায় ৪০ বছর ধরে জাতীয় সংসদের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতের তুলনায় বর্তমান সংসদে ইতিবাচক পরিবেশ রয়েছে।
সব পক্ষকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে সংসদীয় কার্যক্রম চালানোর আহ্বান জানিয়ে স্পিকার বলেন, সংসদের নিয়ম মেনে চললেই গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী হবে।
Comments