রুফটপ সোলারে নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারের বড় উদ্যোগ
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি রুফটপ সোলারকে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও সার্ভিস প্রোভাইডার তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য জেলা ও নির্দিষ্ট ভৌগোলিক এলাকা অনুযায়ী যোগ্য সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্ত করা হবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশের বিভিন্ন বিদ্যুৎ বিতরণকারী সংস্থা একযোগে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো স্থানীয় পর্যায়ে রুফটপ সোলারসহ বিভিন্ন নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি স্থাপনে কারিগরি সহায়তা দেবে। পাশাপাশি বিনিয়োগ ও ব্যবসায়িক প্যাকেজ, গ্রাহকসেবা এবং সিস্টেম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সুবিধাও দেওয়ার কথা রয়েছে।
সরকারের এই উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, তরুণ ও নারী উদ্যোক্তা এবং প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলো নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করার সুযোগ পাবেন। স্থানীয় প্রতিষ্ঠানগুলো বড় ও অভিজ্ঞ কোম্পানি কিংবা বিনিয়োগকারীদের সঙ্গে যৌথভাবে কাজ করে নিজেদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে পারবে।
বিদ্যুৎ বিভাগ বলছে, সার্ভিস প্রোভাইডার বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণ করা হবে। একক প্রতিষ্ঠান ছাড়াও যৌথ উদ্যোগে আবেদন করার সুযোগ রাখা হয়েছে। এর ফলে নতুন উদ্যোক্তাদের অভিজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব তৈরির সুযোগ বাড়বে।
সংশ্লিষ্টদের মতে, রুফটপ সোলার ব্যবসাকে শুধু বড় প্রতিষ্ঠান বা নগরকেন্দ্রিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছে দেওয়াই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে গ্রাহকদের জন্য তুলনামূলক সাশ্রয়ী ও উদ্ভাবনী বিনিয়োগ এবং সেবা প্যাকেজ তৈরির পাশাপাশি সার্ভিস প্রোভাইডারদের মধ্যে প্রতিযোগিতাও বাড়বে।
রুফটপ সোলারে বিনিয়োগ আকর্ষণে বিশেষ প্রণোদনা, কর ও শুল্ক সুবিধা, সহজ শর্তে স্বল্পসুদের অর্থায়ন এবং নতুন উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ ফান্ডিংয়ের সুযোগ বাড়ানোর বিষয়েও কাজ করছে সরকার। বিশেষভাবে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের গ্রাহক এবং উদ্যোক্তাদের এই খাতের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে রুফটপ সোলার থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
বিদ্যুৎ বিভাগের মতে, নিরাপদ, সাশ্রয়ী, টেকসই ও কম-কার্বনভিত্তিক জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি। একই সঙ্গে জ্বালানি নিরাপত্তা, শিল্পায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জলবায়ু সহনশীল উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ লক্ষ্য বাস্তবায়নে দেশজুড়ে দক্ষ জনবল, স্থানীয় উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং কার্যকর সেবা নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের আশা, এর ফলে রুফটপ সোলার দেশের জ্বালানি রূপান্তরের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, স্থানীয় বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।
পঞ্চগড় থেকে পটুয়াখালী এবং কুড়িগ্রাম থেকে কক্সবাজার—দেশের প্রতিটি অঞ্চলের ব্যবসায়ী, তরুণ ও নারী উদ্যোক্তাদের এই সম্ভাবনাময় বাজারের সঙ্গে যুক্ত করাই উদ্যোগটির অন্যতম লক্ষ্য।
Comments