জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে ডিএমপির সমন্বয় সভা ও নিরাপত্তা নিশ্চিতকরণ
সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শুভ জন্মাষ্টমী উৎসব শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনের লক্ষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উদ্যোগে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর এই উৎসব অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
জন্মাষ্টমী উপলক্ষে পিকেট পার্টি, টহল পার্টি, ফুট প্যাট্রোল, রুফটপ পার্টি, মোটরসাইকেল মোবাইল টিম, সাদা পোশাকে গোয়েন্দা দল, সোয়াট দল, বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল এবং পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি বসানো হবে সিসিটিভি ক্যামেরা।
নির্ধারিত রুট এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই জন্মাষ্টমীর অনুষ্ঠান ও শোভাযাত্রা শেষ করার বিষয়ে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে।
নামাজ ও আজানের সময় লাউডস্পিকার বা মাইক বাজানো থেকে বিরত থাকা, শোভাযাত্রায় ব্যাগ বা পুঁটলি নিয়ে অংশ না নেওয়া এবং কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, উৎসবটি নিশ্ছিদ্র নিরাপত্তার আওতায় আনতে প্রতিটি বিভাগের উপকমিশনার (ডিসি) সংশ্লিষ্ট উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। স্বেচ্ছাসেবকদের নির্ধারিত ভেস্ট পরা এবং বৈদ্যুতিক লাইন সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সভায় সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। সভায় অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার পাশাপাশি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি, রামকৃষ্ণ মঠ ও মিশন এবং ইসকন বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতারা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Comments