নেপালে উদ্ধার-ত্রাণে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় নেপালকে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালে বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ গভীরভাবে মর্মাহত। পরিস্থিতির ওপর বাংলাদেশ নিবিড়ভাবে নজর রাখছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুর্যোগে শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। পর্যটকসহ আরও অনেকের হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও জনগণ নেপাল সরকার এবং দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে।
বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের দ্রুত উদ্ধার, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা এবং ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধার কামনা করেছে বাংলাদেশ। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিখোঁজদের দ্রুত উদ্ধারের পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে বাংলাদেশ।
এদিকে নেপালের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করে ঢাকা জানিয়েছে, দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন হলে কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। ত্রাণ ও উদ্ধার কার্যক্রমেও নেপালের পাশে থাকার কথা জানিয়েছে বাংলাদেশ।
Comments