জেদ্দা-চট্টগ্রাম ফ্লাইটে অসুস্থ হয়ে যাত্রীর মৃত্যু, মাসকাটে জরুরি অবতরণ
জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে এক নারী যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর ওমানের মাসকাটে জরুরি অবতরণ করা হয়। তবে বিমানবন্দরে নেওয়ার পর চিকিৎসকেরা ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন।
নিহত যাত্রীর নাম সানোয়ারা বেগম (৫৫)। তাঁর বাড়ি চট্টগ্রামে।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, জেদ্দা থেকে উড্ডয়নের পর ফ্লাইটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সানোয়ারা বেগম। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ফ্লাইটটি মাসকাটের দিকে ঘুরিয়ে নেওয়া হয়।
তিনি বলেন, জরুরি অবতরণের পর মাসকাট বিমানবন্দরের চিকিৎসকেরা ওই যাত্রীকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
ফ্লাইটটি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬। এটি জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়েছিল। মাসকাটে জরুরি অবতরণের পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ফ্লাইটটি আবার চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে ফ্লাইটটির শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় সানোয়ারা বেগমের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Comments