ঢাকা-দিল্লির সুবিধাজনক সময়েই প্রধানমন্ত্রীর ভারত সফর: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত করতে বাংলাদেশ ও ভারত কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, দুই দেশের আলোচনার ভিত্তিতে এবং উভয় পক্ষের সুবিধাজনক সময়ে সফরের তারিখ নির্ধারণ করা হবে।
সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব বণ্টনের পর নিজ দপ্তরে যোগ দিয়ে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। ঢাকা ও নয়াদিল্লির জন্য সুবিধাজনক সময় বিবেচনা করেই সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন বলেও জানান তিনি।
হুমায়ুন কবির বলেন, দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কূটনীতিতে ভারসাম্য বজায় রাখাই তাঁর অন্যতম দায়িত্ব। বাংলাদেশ-ভারতসহ সব দ্বিপাক্ষিক সম্পর্ক সমতা, পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।
Comments