শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
সমৃদ্ধ ও বিনিয়োগবান্ধব বাংলাদেশ গড়তে একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'রাজস্ব সম্মেলন-২০২৬' উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সমৃদ্ধির জন্য সবার দেশপ্রেম ও আন্তরিকতা প্রয়োজন। সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে হবে।
তিনি বলেন, আরও সমৃদ্ধ, বিনিয়োগবান্ধব ও ব্যবসাবান্ধব রাজস্ব ব্যবস্থাপনা গড়ে তোলাই সরকারের প্রত্যাশা। এ লক্ষ্য অর্জনে আয়োজিত রাজস্ব সম্মেলনের সফলতা কামনা করেন তিনি।
রাজস্ব আহরণে কর্মকর্তাদের ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, গত ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে জুনের শেষ পর্যন্ত সময়ে রাজস্ব আহরণের পরিমাণ ইতিবাচক ছিল। এ সময়ের অর্জন প্রমাণ করে, রাজস্ব কর্মকর্তারা চাইলে আরও ভালো করতে পারেন।
তিনি বলেন, 'এটি প্রমাণ করে আপনারা পারেন, আপনারাই পারেন এবং আপনারা অবশ্যই পারবেন ইনশাআল্লাহ।'
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার দেশের আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার পাশাপাশি অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে। একই সঙ্গে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ আরও সহজ ও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে 'রাজস্ব সম্মেলন-২০২৬'-এর আয়োজন করেছে।
সম্মেলনে রাজস্ব আহরণ বাড়ানো, বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং দেশের অর্থনৈতিক সক্ষমতা আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
Comments