শিগগিরই ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায়
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। এখন যেকোনো দিন মামলাটির রায় ঘোষণা করতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৭ আগস্ট) আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।
এর আগে গত বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সেদিন প্রসিকিউশন সাত আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করে। পরে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এম হাসান ইমাম ও ইশরাত জাহান পলাতক আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন।
মামলার অন্য আসামিরা হলেন—কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
মামলার সাত আসামিই শুরু থেকে পলাতক রয়েছেন। গত ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। একই সঙ্গে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
পরে গত ২২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর গত ৪ আগস্ট থেকে রাষ্ট্রপক্ষ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে।
রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ায় এখন ট্রাইব্যুনালের রায়ের অপেক্ষায় রয়েছে মামলাটি।
Comments