মোহাম্মদপুরে সক্রিয় নেই কোনো ‘কিশোর গ্যাং’: র্যাব
রাজধানীর মোহাম্মদপুরে বর্তমানে কোনো কিশোর গ্যাং সক্রিয় নেই বলে দাবি করেছে র্যাব। গডফাদার ও সন্ত্রাসী তৎপরতা নির্মূলে বিশেষ অভিযান চালিয়ে গ্যাংগুলোকে নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্যাংয়ের নিচের সারির সদস্যদের চেয়ে গডফাদারদের গ্রেপ্তারে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। গডফাদারদের গ্রেপ্তারের ফলে মোহাম্মদপুরের পরিস্থিতি আগের তুলনায় অনেকটা স্থিতিশীল হয়েছে।
নয়মুল হাসান বলেন, মোহাম্মদপুর 'সিটি অব গডস' হিসেবে যে ধারণা তৈরি হয়েছে, তা থেকে এলাকাটিকে বের করে আনার চেষ্টা চলছে। এরই মধ্যে এ ক্ষেত্রে অনেকটা সফলতা এসেছে। ভবিষ্যতে মোহাম্মদপুর থেকে গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, 'মোহাম্মদপুরকে বখাটে ও সন্ত্রাসমুক্ত করতে যে অভিযান চলছে, একইভাবে পুরো সিটিকেই নিরাপদ ও অপরাধমুক্ত করার চেষ্টা করা হচ্ছে।'
এদিকে অ্যালেক্স ইমন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার প্রসঙ্গে র্যাবের এই কর্মকর্তা বলেন, তদন্তে সহায়তার অংশ হিসেবে গ্রেপ্তারকে গুরুত্বপূর্ণ মনে করছে র্যাব। আসামিদের জিজ্ঞাসাবাদ ও আদালতে ১৬৪ ধারায় জবানবন্দির মাধ্যমে হত্যার কারণ এবং এর পেছনে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।
তবে মামলাটির সরাসরি তদন্ত র্যাব করছে না জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে থানা পুলিশই বিস্তারিত তথ্য দিতে পারবে।
Comments