আমরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে বিজয়ী দেখতে চাই: চিফ হুইপ
রাষ্ট্রপতি পদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী করতে চান বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়নপত্রটির প্রস্তাবক ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমর্থক ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
চিফ হুইপ জানান, ১১ দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল অলি আহমদও রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেয়েছেন এবং তার পক্ষেও মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এর ফলে আগামী ২০ আগস্ট অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। সংসদ ভবনে প্রধান নির্বাচন কমিশনারের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন।
মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে বিএনপির মহাসচিব পদে কে আসছেন—এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ জানান, এ বিষয়ে এই মুহূর্তে দলের কোনো সিদ্ধান্ত নেই।
সংবিধান সংস্কার বা সংশোধন নিয়ে কথা বলতে গিয়ে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যেই ঘোষণা করেছেন জুলাই সনদের 'অক্ষর, দাঁড়ি, কমা ও বিন্দু' বাস্তবায়ন করা হবে।
ভারত উদাহরণ টেনে তিনি বলেন, ১৯৫০ সালের পর থেকে ভারত নতুন সংবিধান তৈরি না করে বরং সময়োপযোগী করতে ১০৬ বার সংবিধান সংশোধন করেছে। বাংলাদেশও নতুন করে সংবিধান লিখবে না; বরং সংবিধানের একটি কমা পরিবর্তন করা হলেও সেটি সংশোধন বা সংস্কারের অংশ হবে।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি কার্যকর রাষ্ট্রীয় ভিত্তি তৈরি করতে দেশের সব পক্ষের মতামত নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
Comments