রাজধানীজুড়ে তীব্র গ্যাস সংকট: সিএনজি স্টেশন বন্ধ ও ভোগান্তি নগরবাসীর
রাজধানীতে চলমান সংকটের পাশাপাশি ফের তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। বুধবার (১২ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকার ফিলিং স্টেশন ও বাসাবাড়িতে গ্যাসের সরবরাহ মারাত্মকভাবে কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
রাজধানীর মালিবাগ, তেজগাঁও, বাড্ডা, খিলক্ষেত, উত্তরা ও মিরপুরের বেশ কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে করুণ চিত্র। পর্যাপ্ত সরবরাহের অভাবে অনেক স্টেশনের সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে 'গ্যাস নেই' লেখা সাইনবোর্ড। আবার কিছু খোলা স্টেশনে গ্যাসের আশায় যানবাহনের দীর্ঘ সারি অপেক্ষা করতে দেখা গেছে।
ফিলিং স্টেশনের কর্মীদের তথ্য অনুযায়ী, সাধারণত রাতের শেষভাগে সামান্য গ্যাস পাওয়া গেলেও বুধবার দুপুর পর্যন্ত স্টেশনে কোনো গ্যাসের সরবরাহ মেলেনি।
শুধু ফিলিং স্টেশনই নয়, রাজধানীর আবাসিক এলাকাগুলোতেও গ্যাসের চাপ নেমে গেছে শূন্যের কোঠায়। অনেক এলাকায় চুলার আগুন এতই ক্ষীণ যে, তাতে দুপুরের বা সকালের রান্না করা কিছুতেই সম্ভব হচ্ছে না। হঠাৎ করে এই তীব্র গ্যাস সংকটে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
Comments