‘জুলাইকে ভুলিয়ে দেওয়ার সংগ্রাম শুরু হয়েছে’- জামায়াত আমির
জুলাই আন্দোলনকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এই ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না এবং সব অপচেষ্টা তছনছ করে দেওয়া হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'জুলাই আন্দোলন' শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল মাস্টারমাইন্ড ছিল না; বরং এই আন্দোলনে অংশগ্রহণকারী প্রতিটি ব্যক্তিই একেকজন মাস্টারমাইন্ড। অথচ আন্দোলনে অংশ না নেওয়া ব্যক্তিরাও এখন নিজেদের মাস্টারমাইন্ড হিসেবে দাবি করছেন। এছাড়া ৫ আগস্ট শেখ হাসিনার বিদায়কে যারা 'মিরাকল' বা অলৌকিক ঘটনা বলেছিলেন, তারাই এখন অভ্যুত্থানের ভাগ-বাটোয়ারায় ব্যস্ত রয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
বিপ্লবীদের সংগ্রামের স্মৃতিচারণা করে জামায়াত আমির বলেন, সে সময় বিপ্লবীদের আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না, এমনকি আপনজনরাও তাদের পাশে দাঁড়ায়নি। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো শহিদ বা অংশগ্রহণকারীর অবদান যেন হারিয়ে না যায়। ১৯৭১ সালের মতো ২০২৪ সালের ইতিহাস যেন হারিয়ে না যায়, সে বিষয়ে সজাগ থাকার এবং জুলাই আন্দোলনের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।
Comments