চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে জামায়াত আমির
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী পার্বত্য অঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টায় ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছান তিনি। এরপর তিনি সরাসরি বন্যাকবলিত বাঁশখালী উপজেলার বিভিন্ন দুর্গম এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক খোঁজখবর নেন।
বাঁশখালীতে পানিবন্দি মানুষের দুর্দশা দেখার পর এক সংক্ষিপ্ত বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন,"এই ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসা উচিত।"
পরিদর্শন শেষে জামায়াত আমির ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করেন এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় দলের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, বাঁশখালী সফর শেষে বিরোধীদলীয় নেতা চট্টগ্রামের অন্যতম বন্যাকবলিত এলাকা সাতকানিয়া এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন প্লাবিত অঞ্চল পরিদর্শন করবেন। সেখানেও পানিবন্দি ও আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের মাঝে শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
ত্রাণ বিতরণ ও পরিদর্শনের সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম এমপিসহ স্থানীয় ও মহানগরীর শীর্ষ নেতারা।
Comments