প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিরাপত্তার স্বার্থে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম। আজ বুধবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ১১ দলের যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে তিনি এই পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে অলি আহমেদ বলেন, 'আপনার প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে যেসব বিদেশি গুপ্তচর রয়েছে, তাদের খুঁজে বের করা। কারণ তাদের কারণে আপনি নিজে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি দেশও ক্ষতির মুখে পড়ছে। চতুর্দিকে শত্রু রেখে আপনি দেশ পরিচালনা করতে পারবেন না। আমরা হলাম আপনার প্রকাশ্য শত্রু, কিন্তু যারা আপনার একদম পাশে আছেন—তারাই আপনার আসল শত্রু।'
তিনি আরও সতর্ক করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে শত্রু দ্বারা পরিবেষ্টিত। বিদেশি গুপ্তচররা সরকারের পাশাপাশি দলেরও গুরুত্বপূর্ণ জায়গায় বসে রয়েছে। এই বিদেশি শক্তিগুলো যেকোনো সময় প্রধানমন্ত্রীর বড় ধরনের ক্ষতি করতে পারে। তাই অবিলম্বে তাদের দল ও সরকার থেকে বের করে দেওয়ার পরামর্শ দেন তিনি।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এলডিপি চেয়ারম্যান বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, বিভিন্ন জায়গায় দেদারসে চাঁদাবাজি চলছে। দেশের অর্থনৈতিক অবস্থাও ভালো নয় এবং নতুন কোনো বিনিয়োগ আসছে না।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনি (তারেক রহমান) খুব একটা ভালো অবস্থানে নেই। তবে ১১ দল আপনার শত্রু নয়, বরং প্রকৃত বন্ধু। আর বন্ধু বলেই আপনাকে এই পরামর্শগুলো প্রকাশ্যে দেওয়া হচ্ছে। আমরা চাই আপনি ইতিহাসে একজন সফল নেতা হয়ে থাকুন।"
Comments