প্রধানমন্ত্রীর সঙ্গে ভিওন চেয়ারম্যানের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংক-এর মূল প্রতিষ্ঠান 'ভিওন' -এর চেয়ারম্যান অগি ফাবেলা। আজ সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের সাধারণ মানুষের কাছে ডিজিটাল সেবা আরও সহজলভ্য ও গতিশীল করার বিষয়ে দুই নেতার মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ডিজিটাল রূপান্তরকে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর বিশেষ জোর দেন। তিনি বাংলালিংক কর্তৃপক্ষকে আরও সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্মার্টফোন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সমাজের সব শ্রেণি, পেশা ও আয়ের মানুষের হাতে স্মার্ট প্রযুক্তি পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।
একই সঙ্গে দেশের ডিজিটাল সেবার সুফল যেন প্রতিটি নাগরিক সহজে ভোগ করতে পারেন, সেজন্য ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি বিবেচনা করতে ভিওন চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
জবাবে ভিওন চেয়ারম্যান বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন এবং ডিজিটাল কানেক্টিভিটি বাড়াতে তাদের ধারাবাহিক বিনিয়োগ ও সহায়তার আশ্বাস ব্যক্ত করেন।
Comments