লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক ১৭২ বাংলাদেশি দেশে ফেরত
অবৈধ উপায়ে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক হওয়া ১৭২ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৫টা ১৮ মিনিটে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে করে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার যৌথ ও সমন্বিত প্রচেষ্টায় লিবিয়া সরকারের সহযোগিতায় তাঁদের এই প্রত্যাবাসন সম্পন্ন হয়।
জানা গেছে, ফেরত আসা বাংলাদেশিদের অধিকাংশই দালালের প্ররোচনায় ও মানবপাচারকারীদের সহায়তায় সমুদ্রপথে ইউরোপে অনুপ্রবেশের উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিলেন। সেখানে অবস্থানকালে তাঁদের অনেকেই বিভিন্ন সময়ে অপহরণ, জিম্মি ও শারীরিক নির্যাতনের মতো চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার হন।
বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের স্বাগত জানান। অবৈধ অভিবাসনের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ফেরত আসাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সমাজে সবার সাথে শেয়ার করার অনুরোধ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেক বাংলাদেশিকে জরুরি প্রাথমিক চিকিৎসা, খাবার, পথখরচা এবং সাময়িকভাবে থাকার জন্য জরুরি বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে এখনও আটকে থাকা অনিয়মিত বাংলাদেশি নাগরিকদের উদ্ধার করে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
Comments