বাজেটে স্টার্টআপ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ: সংসদে অর্থমন্ত্রী
দেশের তরুণ ও নারী সমাজকে স্বাবলম্বী করতে এবং নতুন উদ্যোক্তা তৈরিতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বড় ধরনের আর্থিক বরাদ্দের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আসন্ন বাজেটে স্টার্টআপ তহবিল, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং তরুণ উদ্যোক্তাদের জন্য মোট ৪০০ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাজেট বরাদ্দের একটি তুলনামূলক চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী সংসদকে জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে 'স্টার্টআপ তহবিল' খাতে ২০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। যুব সমাজ ও নারীদের ব্যবসায়িক উদ্যোগে আরও গতি আনতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই বরাদ্দ দ্বিগুণ বাড়িয়ে মোট ৪০০ কোটি টাকা করার চূড়ান্ত পরিকল্পনা নেওয়া হয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যুব সমাজকে আত্মনির্ভরশীল করতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে যুব ঋণ বিতরণ কার্যক্রম দেশব্যাপী সফলভাবে চলমান রয়েছে।
এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় 'স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড' এবং অর্থ বিভাগের বিভিন্ন বিশেষ তহবিলের মাধ্যমে দেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তাদের জন্য কম সুদে ঋণের ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষার বিষয়েও কথা বলেন অর্থমন্ত্রী। তিনি জানান, সরকার সারা দেশে ক্রমান্বয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বৃদ্ধি করে চলেছে।
নিম্ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাসহ চলমান সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও আর্থিক বরাদ্দ আগামী অর্থবছরে আরও সম্প্রসারণের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।
Comments