বাজেটে টাকা আসবে কোথা থেকে?
বৃহস্পতিবার নতুন নির্বাচিত বিএনপি সরকার ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে। এটি চলতি অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপেই বাজেটের আকার বড় হচ্ছে বলে মনে করছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ পর্যালোচনায় বলা হয়েছে, আগামী অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন, ভর্তুকির চাপ মোকাবিলা, উন্নয়ন প্রকল্পে অর্থায়ন, ঋণ ধারণ সক্ষমতা বজায় রাখা এবং বিনিয়োগ পরিবেশ উন্নত করা বড় চ্যালেঞ্জ হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়লেও প্রকল্প বাস্তবায়নের ধীরগতি উদ্বেগের কারণ হিসেবে দেখা হচ্ছে।
নতুন বাজেটের অর্থ জোগাতে সরকার ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করতে যাচ্ছে, যা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার তুলনায় ২৩ শতাংশ বেশি। এর মধ্যে এনবিআরের জন্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকা এবং এনবিআরবহির্ভূত উৎস থেকে ৯১ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য ধরা হচ্ছে। তবে চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব ঘাটতি প্রায় এক লাখ কোটি টাকায় পৌঁছেছে।
অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, রাজস্ব বাড়াতে মোটরসাইকেল ও অটোরিকশার ওপর অগ্রিম আয়কর এবং বিত্তশালীদের ওপর সম্পদ কর আরোপের চিন্তা করা হলেও সরকারের অনুমোদন না পাওয়ায় তা বাস্তবায়ন হচ্ছে না। ফলে বড় বাজেটের অর্থায়ন নিয়ে সংশয় রয়েছে।
নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে আগামী অর্থবছরে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ৪১ লাখ নারীপ্রধান পরিবারকে মাসে ২ হাজার ৫০০ টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে ব্যয় হবে ১২ হাজার ৩৭৪ কোটি টাকা। পাশাপাশি কৃষক কার্ড কর্মসূচিও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়ে ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা, শিক্ষা খাতে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা এবং স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে।
সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ বলেছেন, দেশের বর্তমান রাজস্ব আদায়ের সক্ষমতা এবং বৈদেশিক অর্থায়নের সীমাবদ্ধতা বিবেচনায় নতুন বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী। লক্ষ্যমাত্রা অর্জিত না হলে অর্থায়নের চাপ বাড়বে এবং বাজেট বাস্তবায়ন কঠিন হয়ে পড়তে পারে। তার মতে, বাজেটের আকারের চেয়ে বাস্তবায়ন সক্ষমতাই বেশি গুরুত্বপূর্ণ।
Comments