আজ যুক্তিতর্ক উপস্থাপন, রায়ের তারিখ আসতে পারে
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত মামলার চূড়ান্ত আইনি লড়াই আজ। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আজকের শুনানিতে উভয় পক্ষই নিজেদের দাবির সপক্ষে আদালতে চূড়ান্ত বক্তব্য ও আইনি যুক্তি তুলে ধরবেন। এই যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর ট্রাইব্যুনাল বহুল প্রতিক্ষিত এই মামলার রায় ঘোষণার সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করবেন।
এর আগে গতকাল বুধবার মামলার আত্মপক্ষ সমর্থনে শুনানিতে অংশ নেন প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন। শুনানি চলাকালে আদালতে নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন সোহেল রানা। তবে তার স্ত্রী স্বপ্না খাতুন নিজেকে নির্দোষ দাবি করে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।
মামলাটির বিচারিক প্রক্রিয়া অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলছে। গত ১ জুন এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরদিনই, অর্থাৎ ২ জুন, রামিসার পরিবার, ঘটনার প্রত্যক্ষদর্শী, দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও তদন্তকারী কর্মকর্তা এবং চিকিৎসকসহ মোট ১৬ জন আদালতে তাদের গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রদান করেন।
আজকের যুক্তিতর্ক শুনানি শেষে জানা যাবে, পল্লবীর এই আলোচিত ও স্পর্শকাতর মামলার রায় কবে নাগাদ ঘোষণা করতে যাচ্ছেন আদালত।
Comments