জুলাই পরবর্তীতে হত্যা ও গুমের মামলা হয়েছে ১৮৫৫টি, প্রত্যাহার ২৩ হাজার: আইনমন্ত্রী
বিগত ফ্যাসিস্ট আমলে হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে মোট ১ হাজার ৮৫৫টি মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিরোধী দলের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেন।
আইনমন্ত্রী জানান, দায়ের করা ১৮৫৫টি মামলার মধ্যে ৭৯৯টি সরাসরি হত্যা মামলা এবং বাকি ১ হাজার ৫৬টি অন্যান্য ধারায় করা হয়েছে। মামলাগুলোর অগ্রগতি সম্পর্কে তিনি জানান, ইতিমধ্যে ১৫৮টি মামলার তদন্ত সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৪৮টি হত্যা মামলা ও ১১০টি অন্যান্য মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। বর্তমানে এসব মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।
মন্ত্রী আরও জানান, দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ বিভাগ কাজ করছে। প্রতিটি মামলায় যথাযথ সাক্ষ্য-প্রমাণ নিশ্চিত করা হচ্ছে যাতে বিচারে কোনো আইনি দুর্বলতা না থাকে। আসামিদের জামিন প্রসঙ্গে তিনি বলেন, এটি আদালতের এখতিয়ার হলেও রাষ্ট্রপক্ষ প্রতিটি ক্ষেত্রে জামিনের জোরালো বিরোধিতা করছে।
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুহাম্মদ আলী আসগরের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের বিরুদ্ধে কতটি মামলা হয়েছে তার সরকারি পরিসংখ্যান নেই। তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০০৭ থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি 'মিথ্যা ও হয়রানিমূলক' মামলা করা হয়েছে।
তিনি জানান, এ পর্যন্ত রাজনৈতিক উদ্দেশ্যে করা ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে। গত ৫ মার্চ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে জেলা কমিটি এবং ৮ মার্চ আইনমন্ত্রীর নেতৃত্বে গঠিত কেন্দ্রীয় কমিটির সুপারিশে এই প্রত্যাহার প্রক্রিয়া চলছে। বাকি হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের কাজও বর্তমানে প্রক্রিয়াধীন।
আইনমন্ত্রী দৃঢ়ভাবে বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যারা হত্যা, গুম বা নির্যাতনের মতো অপরাধে জড়িত ছিল, তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
Comments