১১৭ বছরে জব্বারের বলীখেলা: লালদীঘিতে লড়বেন ১০৮ বলী
বন্দরনগরীর ঐতিহাসিক লালদীঘি ময়দানে আগামী ২৫ এপ্রিল (১২ বৈশাখ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৭তম আসর। এবারের প্রতিযোগিতায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০৮ জন বলী (কুস্তিগীর) তাদের নাম তালিকাভুক্ত করেছেন। বুধবার (২২ এপ্রিল) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) লাইব্রেরি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়।
আয়োজক কমিটি জানিয়েছে, এবারের আসরে প্রথম রাউন্ড থেকেই পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। জয়ী ৫০ জন বলীকে পুরস্কৃত করা হবে।
চূড়ান্ত পর্যায়ের লড়াই শেষে সেরা ৪ বলীকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। বিজয়ীদের জন্য থাকছে নগদ অর্থ (প্রাইজমানি), ট্রফি ও সনদপত্র।
মেলা ও খেলা ঘিরে লাখো মানুষের সমাগম বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। সিসিটিভি ক্যামেরা, ড্রোন পর্যবেক্ষণ এবং ওয়াচ টাওয়ারের পাশাপাশি বিশেষায়িত ইউনিট সোয়াট (SWAT) ও বোম্ব ডিসপোজাল টিম মোতায়েন থাকবে। জরুরি প্রয়োজনে মেডিকেল টিম ও ফায়ার সার্ভিসও প্রস্তুত থাকবে।
বলীখেলা উপলক্ষে ২৪ ও ২৫ এপ্রিল দুই দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। তবে চলমান এসএসসি পরীক্ষার কারণে মেলার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ২৬ এপ্রিল (রোববার) সকালে পরীক্ষা থাকায় ওইদিন ভোরেই মেলা শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যানজট এড়াতে প্রধান সড়কে দোকান বসানো নিষিদ্ধ করা হয়েছে।
১৯০৯ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে এই বলীখেলার সূচনা করেছিলেন মরহুম আবদুল জব্বার সওদাগর। এবারের আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে মোবাইল অপারেটর বাংলালিংক।
অনুষ্ঠানের উদ্বোধক: সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। প্রধান অতিথি হিসেবে থাকবেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি: সংসদ সদস্য আবু সুফিয়ান।
সংবাদ সম্মেলনে মেয়র ডা. শাহাদাত হোসেন এবং আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদলসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা চট্টগ্রামের এই ঐতিহাসিক লোকজ ঐতিহ্য সফল করতে সবার সহযোগিতা কামনা করেছেন।
Comments