জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার: স্বামী গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড আবেদন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শারমীন জাহান খাদিজার রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৬ মার্চ) সকালে তাঁকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
নিহত শারমীন চাঁদপুরের কচুয়া উপজেলার শাহজাহান মোল্লার মেয়ে। অন্যদিকে গ্রেপ্তারকৃত ফাহিম ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২৪ জুন প্রেমের সম্পর্কের জেরে শারমীন ও ফাহিম বিয়ে করেন এবং সেপ্টেম্বর থেকে ইসলামনগরে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। বিয়ের কিছুদিন পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়, যা শারমীন তাঁর পরিবারকেও জানিয়েছিলেন। গত ১৫ মার্চ বিকেলে ফাহিম নিজেই শারমীনের চাচাকে ফোন করে শারমীন 'অসুস্থ' বলে জানান। পরিবারের সদস্যরা গিয়ে বিছানায় শারমীনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সুরতহাল প্রতিবেদনে শারমীনের কপাল ও মাথায় গভীর কাটা জখম পাওয়া গেছে। এছাড়া ঘর থেকে ল্যাপটপ ও ফোন নিখোঁজ হওয়ার তথ্য মিলেছে।
মেধাবী এই শিক্ষার্থীর নৃশংস মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শারমীন জাহানের মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান। ঘটনাটিকে নৃশংস হত্যাকাণ্ড উল্লেখ করে দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জাকসুসহ বিভিন্ন ছাত্রসংগঠন।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানান, নিহতের চাচার করা মামলায় ফাহিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করা হবে।
Comments