‘চূড়ান্ত ফল’ না পাওয়া পর্যন্ত যুদ্ধবিরতি নয়: সাবেক আইআরজিসি প্রধান
মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে চূড়ান্ত ফল না পাওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতিতে রাজি হবে না বলে জানিয়েছেন সাবেক ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) প্রধান মোহসেন রেজায়ী।
বুধবার একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এটি ইরানের ওপর কথিত অবৈধ সামরিক হামলার ১২তম দিন।
রেজায়ী বলেন, আঞ্চলিক যুদ্ধ এড়াতে মানবিক বিবেচনায় ইরান এতদিন ধৈর্য দেখিয়েছে।
কিন্তু এখন সেই ধৈর্যের সীমা শেষ হয়েছে। এবার চূড়ান্ত ফল না পাওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না।
তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসন কখন এবং কিভাবে শেষ হবে তা নির্ধারণ করবে তেহরানই।
রেজায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেন, পরাজয় এড়াতে যদি তারা আবাসিক এলাকায় বোমা হামলা চালানো অব্যাহত রাখে, তবে ইরানও একই ধরনের জবাব দেবে।
তিনি চলমান সংঘাতের তিনটি ধাপের কথাও ব্যাখ্যা করেন। তার মতে, প্রথম ধাপে তিন দিনের মধ্যে ইরানের সরকার পতনের পরিকল্পনা ছিল। দ্বিতীয় ধাপে—চতুর্থ থেকে নবম দিনের মধ্যে শত্রুপক্ষ দিশাহারা হয়ে উদ্দেশ্যহীন বিমান হামলা চালিয়েছে।
রেজায়ী আরো ইঙ্গিত দেন যে, বর্তমান সংঘাতের পরবর্তী ধাপ আরো তীব্র হতে পারে।
Comments