সংসদে রাষ্ট্রপতির ভাষণ, বিরোধী দলের হট্টগোল-ওয়াক আউট
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ভাষণের শুরুতেই বিরোধী দলের নজিরবিহীন প্রতিবাদের মুখে পড়েন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। হট্টগোলের এক পর্যায়ে বিরোধী দলের সদস্যরা অধিবেশন থেকে ওয়াক আউট করেন। প্রথা অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি। তবে তার ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই বলে দাবি করছেন বিরোধী দলের সদস্যরা।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৩টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ভাষণ শুরু করলে প্রথমে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান না না না বলে প্রতিবাদ করতে থাকেন।
এর আগে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির আগমনের ঘোষণার সঙ্গে সঙ্গে বিরোধী দলের সদস্যরা বিক্ষোভ শুরু করেন। প্ল্যাকার্ড হাতে বিরোধী দলের সদস্যরা বিক্ষোভ শুরু করেন। পরে জাতীয় সংগীত শুরু হলে সবাই নীরবতা পালন করেন দাঁড়িয়ে।
এরপর রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে বিরোধীদলীয় সদস্যরা স্লোগান দিতে থাকেন। তারা টেবিল চাপড়ে প্রতিবাদ জানান। এর মধ্যে রাষ্ট্রপতি ভাষণ চালিয়ে যান।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিরোধীদলীয় সদস্যদের চুপ থাকার অনুরোধ করেন।
রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার বিষয়টি সাংবিধানিক বাধ্যবাধকতা উল্লেখ করে তিনি বলেন, 'আমরা সংবিধানের বিধান ও জাতীয় সংসদের রেওয়াজ অনুসরণ করতে চাই। দয়া করে আপনারা খারাপ কোনো দৃষ্টান্ত স্থাপন করবেন না।'
Comments