২ এপ্রিল ঢাকায় আসছেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ২ এপ্রিল তার ঢাকায় আসার সফরসূচি রয়েছে।
বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানান হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এতে আরও বলা হয়, চীনের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে আগামী ২–৩ এপ্রিল চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং-এর বাংলাদেশ সফর সম্পর্কে অবহিত করেন। এই সফরে তিনি ১৪তম বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ বৈঠকে চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পরামর্শ বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয়সমূহ পর্যালোচনা করা হবে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির নতুন সম্ভাবনা অনুসন্ধান করা হবে। সফরকালে উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েইডং উচ্চপর্যায়ের বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
Comments