পাকিস্তানকে বিধ্বস্ত করল বাংলাদেশ
নাহিদ রানার পেসে বিধ্বস্ত হয়ে টেনেটুনে তিন অঙ্ক পেরিয়েই গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। তাদের মামুলি পুঁজি টি-টোয়েন্টি ঘরানায় উড়িয়ে দিয়ে তুড়ি মেরে ম্যাচ শেষ করেছে বাংলাদেশ।
বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দুই দল মিলে খেলা হলো স্রেফ ৪৫.৫ ওভার। অর্থাৎ একটি ওয়ানডে ম্যাচ শেষ হয়ে গেল যেন টি-টোয়েন্টি ম্যাচের ব্যাপ্তিতে।
আগে ব্যাট করে ৩০.৪ ওভারে স্রেফ ১১৪ রানে অলআউট হয় পাকিস্তান। ২৪ রানে ৫ উইকেট নিয়ে তাদের ধসিয়ে দেওয়ার নায়ক গতিময় তারকা নাহিদ। ১৫.১ ওভারেই ওই রান তুলে ম্যাচ শেষ করে দেয় স্বাগতিক দল।
রান তাড়ায় ৪২ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলেন তানজিদ। নাজমুল হোসেন শান্ত ৩৩ বলে করেন ২৭ রান। মামুলি রান তাড়ায় নেমে আগ্রাসী শুরু করে বাংলাদেশ। তবে প্রথম উইকেটটিও হারায় দ্রুত। তৃতীয় ওভারে শাহীন আফ্রিদিকে ক্যাচ দিয়ে বিদায় নেন সাইফ হাসান।
এই ধাক্কার কোনো প্রভাব ম্যাচে ছিল না। দ্বিতীয় উইকেট জুটিতে অনায়াসে রান আনতে থাকেন তানজিদ ও শান্ত। অল্প রানের লক্ষ্য থাকলে বরাবরই আগ্রাসী খেলা তানজিদ একের পর এক বল ওড়াতে থাকেন। অভিজ্ঞ শান্তর ব্যাটও ছুটতে থাকায় ম্যাচের আয়ু ফুরাতে থাকে। শান্ত দলের জয় থেকে ৬ রান আগে আউট হয়ে যান। লিটন ক্রিজে এসে তানজিদকে সঙ্গে নিয়ে খেলা শেষ করেছেন।
Comments