ঢাকা-১৩ আসনের ব্যালট ও রেজাল্ট শিট সংরক্ষণের নির্দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট নির্বাচন কমিশনকে (ইসি) হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এই আসনের অন্যান্য প্রার্থীদের প্রতি আদালত নোটিশ ইস্যু করেছেন।
আজ বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
ঢাকা-১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন জামায়াত জোটের প্রার্থী মামুনুল হক। উল্লেখ্য, এই আসনে বিজয়ী হয়েছিলেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। আদালত আজ এই আবেদনটি শুনানির জন্য গ্রহণ করে প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের এই আদেশ প্রদান করেন।
নির্বাচনি অনিয়মের বিচার করতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী হাইকোর্টে 'নির্বাচনি ট্রাইব্যুনাল' গঠন করা হয়েছে। জানা গেছে, বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে এসব আবেদনের শুনানি চলছে। ঢাকা-১৩ আসন ছাড়াও ইতিমধ্যে ২৫ জনেরও বেশি প্রার্থী বিভিন্ন আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন। আদালত প্রতিটি আবেদনের ক্ষেত্রেই সংশ্লিষ্ট আসনের ব্যালটসহ নির্বাচনি সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।
আইনজীবীরা জানিয়েছেন, নির্বাচনি ট্রাইব্যুনালে এই আবেদনের শুনানির মাধ্যমে ভোটের প্রকৃত চিত্র বা কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।
Comments