জ্বালানি তেলের সরবরাহ বাড়াল বিপিসি
রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল সরবরাহের হার বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এতদিন তেলের চাহিদা ২৫ শতাংশ কমিয়ে সরবরাহ করা হলেও, আজ বুধবার (১১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে তা কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে সংস্থাটি।
বিপিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা মেটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে বিভাগীয় শহরগুলোতে ফিলিং স্টেশন প্রতি বরাদ্দের চার্ট অনুযায়ী তেল সরবরাহ করা হবে। আগে যেখানে ২৫ শতাংশ তেল কম দেওয়া হতো, এখন থেকে সেখানে মাত্র ১৫ শতাংশ হ্রাস করে সরবরাহ নিশ্চিত করা হবে।
বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলারদের এই নতুন হার অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট এড়াতে গত রোববার থেকে সরকারি নির্দেশে সারাদেশে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু হয়। আজকের এই সিদ্ধান্তের ফলে পেট্রোল পাম্পগুলোতে অকটেন ও পেট্রোলের সরবরাহ আগের চেয়ে কিছুটা বাড়বে, যা সাধারণ গ্রাহকদের জন্য স্বস্তির খবর।
Comments