রাষ্ট্রপতির ভাষণে জনকল্যাণমুখী পদক্ষেপ ও উদ্যোগগুলোর প্রতিফলন থাকবে : তথ্যমন্ত্রী
আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপ ও উদ্যোগগুলো প্রতিফলন থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, 'বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষিঋণ মওকুফের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো এই ভাষণে গুরুত্ব পাবে।'
আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী জানান, আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। এই অধিবেশনে সরকারি দল হিসেবে সরকারের যেসব সংশ্লিষ্টতা আছে, সেসব বিষয়ে মন্ত্রিপরিষদ একটি প্রস্তুতি গ্রহণ করেছে।
তিনি বলেন, 'ইতোমধ্যে আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপর কৃষিঋণ মওকুফ, সরকারের এসব পদক্ষেপ রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে যাতে প্রতিফলিত হয়, সে বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করা হয়েছে।'
এ ছাড়া ইতিমধ্যে যেসব প্রতিশ্রুতি এবং সরকারের পক্ষ থেকে যেসব কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে—সে বিষয়ে বৈঠকে আলাপ করা হয়েছে।
বিশ্বের বর্তমান যুদ্ধাবস্থা প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, 'প্রধানমন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ডাকবেন। অর্থমন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাই বৈঠকে থাকবেন।'
Comments