মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের প্রতি বিমান বাংলাদেশের জরুরি বার্তা
মধ্যপ্রাচ্যে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস মধ্যপ্রাচ্যগামী ছয়টি রুটে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মামগামী সব ফ্লাইট বন্ধ থাকবে।
বুধবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লেখিত ছয়টি গন্তব্য ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য রুট—জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাস্কাট—এ ফ্লাইট যথারীতি পরিচালিত হচ্ছে।
যেসব যাত্রী স্থগিত রুটগুলোর জন্য ইতোমধ্যে টিকিট কেটেছেন, তারা অতিরিক্ত কোনো চার্জ ছাড়াই টিকিট ফেরত নিতে পারবেন অথবা বিনামূল্যে যাত্রার তারিখ পরিবর্তন করতে পারবেন। দেশে বা বিদেশে বিমানের যেকোনো সেলস সেন্টার কিংবা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি থেকে এ সুবিধা নেওয়া যাবে।
ফ্লাইট সংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের বিমানের কলসেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে অভ্যন্তরীণ: ১৩৬৩৬, আন্তর্জাতিক: +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬।
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে উল্লেখ করে সংস্থাটি জানায়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন হলে হালনাগাদ তথ্য দ্রুত জানানো হবে। সাময়িক এই অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস দুঃখ প্রকাশ করেছে।
Comments