ইসরায়েলি হামলায় ইরানের প্রেসিডেন্ট কার্যালয় ক্ষতিগ্রস্ত
তেহরানে অবস্থিত ইরানের প্রেসিডেন্টের কার্যালয় ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবনে বিমান হামলা চালানোর দাবি জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে মঙ্গলবার (৩ মার্চ) এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি বিমানবাহিনী তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত সরকারি কমপ্লেক্সের ভেতরের স্থাপনাগুলোতে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করেছে। এতে আরও বলা হয়েছে, কমপ্লেক্সে হামলার সময় প্রেসিডেন্টের কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ভবনের ওপর বিপুল গোলাবারুদ ফেলা হয়েছে।
এর আগে, তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়, হাইফায় নিরাপত্তা ও সামরিক কেন্দ্র এবং পূর্ব জেরুজালেমে একটি স্থাপনায় সোমবার (২ মার্চ) হামলা চালানোর কথা জানায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ফার্স নিউজ এজেন্সিতে প্রচারিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, জায়নিস্ট শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমানবাহিনীর কমান্ডারের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও জানায় আইআরজিসি।
Comments