ওমানের কাছে জাহাজে হামলায় একজনের মৃত্যু
ওমানের রাজধানী মাসকটের উপকূল থেকে ৫২ নটিক্যাল মাইল দূরে অবস্থানরত একটি তেলবাহী জাহাজে হামলা হয়েছে। এমকেডি ভিওয়াইওএম নামের ওই জাহাজ বিস্ফোরক বোঝাই নৌকার হামলার শিকার হয়েছে। এতে জাহাজের এক ক্রু নিহত হয়েছেন বলে সোমবার ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মেরিটাইম সিকিউরিটি সেন্টার বলেছে, ওমানের উপকূল লাগোয়া এলাকায় এমকেডি ভিওয়াইওএম নামের ওই জাহাজ আক্রান্ত হয়েছে। হামলায় জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন ক্রু সদস্য নিহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, জাহাজে থাকা অন্য ২১ জন ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
বর্তমানে ওমানের রাজকীয় নৌবাহিনীর একটি জাহাজ আক্রান্ত তেলবাহী জাহাজের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এছাড়া ওই এলাকা দিয়ে চলাচলকারী অন্যান্য সব জাহাজের জন্য প্রয়োজনীয় নৌ-সতর্কতা জারি করা হয়েছে।
• নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। নেতানিয়াহুর কার্যালয় ছাড়াও ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদরদপ্তরকে লক্ষ্যবস্তু করেছে ইরান।
সোমবার আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। (আইআরজিসি) বলেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমান বাহিনীর কমান্ডারের সদরদপ্তরে হামলা চালানো হয়েছে।
Comments