সৌদির তেল স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা
সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো পরিচালিত রাস তানুরা শোধনাগার লক্ষ্য করে ইরান ড্রোন হামলার চেষ্টা করেছে। দুটি ড্রোনকে বাধা দেওয়ার পর সেগুলোর ধ্বংসাবশেষ থেকে শোধনাগারে আগুন লেগেছিল। এতে সামান্য ক্ষতি হয়েছে।
সৌদি প্রেস এজেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে, জরুরি পরিষেবা বিভাগ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। বিবিসি কর্তৃক যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে, শোধনাগারটি থেকে আগুন এবং বিশাল ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ছে।
সৌদি আরব দীর্ঘদিন ধরে মার্কিন এবং পশ্চিমা সামরিক বাহিনীকে নানা সুবিধা দিয়ে আসছে। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানে হামলা করলে জবাবে ইরান মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু বানায়। এক বিবৃতি দিয়ে তখন এর নিন্দা জানিয়েছিল সৌদি সরকার।
মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশটি জানিয়েছে, রাজধানী রিয়াদ ও ইস্টার্ন প্রোভিন্সকে লক্ষ্য করে চালানো হামলাগুলো সফলভাবে প্রতিহত করা হয়।
Comments